সিলেট: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মহানগর গোয়েন্দা শাখার অভিযানে ২০ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় চকলেট ও চোরাচালানে ব্যবহৃত একটি টোয়োটা কাভার্ড ভ্যানসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসএমপির মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাঠানো প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে বলা হয়, ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা ৫ মিনিটে জালালাবাদ থানাধীন বাদাঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় শিবের বাজার থেকে সিলেট শহরের দিকে আসা একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়।
চালক কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে থামালে তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় চকলেট জব্দ করা হয়। জব্দকৃত চকলেটের আনুমানিক মূল্য ২০ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা। চোরাচালানে ব্যবহৃত ঢাকা মেট্রো-ম ৫১-৭৩২৯ রেজিস্ট্রেশন নম্বরের টয়োটা কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
অভিযানে নরসিংদী জেলার পলাশ থানার গড়পাড়া এলাকার ১৬৯ আবেদ আলীর বাড়ির বাসিন্দা মো. জয়নাল আবেদীন ও মাবিয়া বেগমের ছেলে ফারুক মিয়াকে (৪৬) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জালালাবাদ থানায় ২৬ আগস্ট মামলা করা হয়েছে। মামলার ধারা The Special Powers Act, 1974-এর 25B(1)(B) ও 25D। পরে ফারুক মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





