জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামি সিলেটে গ্রেপ্তার

জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামি সিলেটে গ্রেপ্তার - Surma Times | Sylhet News

জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামি সিলেটে গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরী ধর্ষণের মামলায় এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি মো. জিবলু মিয়াকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। রোববার (২৩ আগস্ট) বিকেলে সিলেট জেলার মোগলাবাজার থানাধীন পীর হাবিবুর রহমান চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিবলু মিয়া (২২) সুনামগঞ্জের জগন্নাথপুর থানার নোয়াগাঁও গ্রামের মো. বিল্লাল উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রয়েছে। মামলার নম্বর ১০, তারিখ ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ।

মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী জগন্নাথপুর থানাধীন নোয়াগাঁও এলাকার বাসিন্দা। জিবলু মিয়া তার প্রতিবেশী হওয়ায় বিভিন্ন সময় ওই বাড়িতে যাতায়াত করতেন। গত ১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কিশোরী তার শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। সে সময় তার বাবা ও মা পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন।

অভিযোগে বলা হয়, ওই সুযোগে জিবলু মিয়া কিশোরীর শয়নকক্ষে প্রবেশ করে তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বাড়ি থেকে বের হওয়ার সময় কিশোরীর মা তাকে দেখতে পান। এরপর ঘরে ঢুকে তিনি মেয়েকে হাত বাঁধা ও বিবস্ত্র অবস্থায় দেখতে পান। কান্নারত কিশোরী তার মাকে ঘটনার বিস্তারিত জানায়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জ ও সদর কোম্পানি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল রোববার বিকেল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে মোগলাবাজার থানাধীন পীর হাবিবুর রহমান চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার একমাত্র পলাতক আসামি জিবলু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার জিবলু মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article