জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ: চাচা আটক

জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ: চাচা আটক - Surma Times | Sylhet News

জগন্নাথপুরে পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ: চাচা আটক - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ, ২৭ জুলাই: জগন্নাথপুর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে সাব্বির মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত সাব্বির মিয়া উপজেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী শিশুর দূরসম্পর্কের চাচা।

পুলিশ জানায়, সোমবার রাত প্রায় ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে এক ব্যক্তি সৈয়দপুর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছে বলে জানান। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

প্রাথমিক তথ্যানুযায়ী, শিশুটির বাবা-মায়ের অনুপস্থিতিতে সে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় অভিযুক্ত সাব্বির মিয়া শিশুটিকে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী ও স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে ভুক্তভোগী শিশুর বাবা জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই সিরাজুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article