জগন্নাথপুরে নৌকাডুবি, নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

জগন্নাথপুরে নৌকাডুবি, নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার - Surma Times | Sylhet News

জগন্নাথপুরে নৌকাডুবি, নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ, ২ আগস্ট: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া চার জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রোববার দুজন এবং শনিবার দুজনের মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্টরা।

রোববার সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা নামক স্থান থেকে দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তারা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেব নাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ এবং একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ।

এর আগে, শনিবার একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী এবং মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করে ডুবুরিদল।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। কীর্তন শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চার জন নিখোঁজ হন।

ঘটনার পর শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। অভিযানে বেলা ১১টার দিকে অরুণ দেবনাথের এবং বিকেলে সত্যেন্দ্র নাথের মরদেহ উদ্ধার করা হয়।

একই গ্রামের চার জনের মৃত্যুতে পূর্ব ভবানীপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নৌকাডুবিতে বেঁচে ফেরা গ্রামবাসী নিশি দেবনাথ বলেন, এমন ঘটনা আমাদের এলাকায় আর ঘটেনি। বাতাসের কারণে নৌকা ডুবে যায়। উপার্জনশীল মানুষ হারিয়ে চারটি পরিবার সাগরে পড়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শনিবার দুজনের লাশ উদ্ধার করা হয়েছিল। রোববার সকালে হাওর থেকে আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article