সুষ্ঠু সাংবাদিকতা দেশকে সংকট থেকে রক্ষা করতে পারে: ডা. মোদাব্বির

সুষ্ঠু সাংবাদিকতা দেশকে সংকট থেকে রক্ষা করতে পারে: ডা. মোদাব্বির - Surma Times | Sylhet News

সুষ্ঠু সাংবাদিকতা দেশকে সংকট থেকে রক্ষা করতে পারে: ডা. মোদাব্বির - Surma Times | Sylhet Newsসিলেট, ২২ আগস্ট: বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক ডা. মোদাব্বির হোসাইন বলেছেন, সুষ্ঠু সাংবাদিকতা দেশ ও জনগণকে ভয়াবহ সংকট থেকে রক্ষা করতে পারে। ভালো সাংবাদিকতা সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।

শনিবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে স্কুল অফ জার্নালিজম (এসওজে) সিলেটের উদ্যোগে দিনব্যাপী ওয়ার্কশপ অন বেসিক কনসেপ্ট অব জার্নালিজম-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মোদাব্বির হোসাইন বলেন, একজন চিকিৎসক ভালো চিকিৎসা করলে একজন রোগীই ভালো হবে। ভুল চিকিৎসা করলে একজন রোগীই ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে একজন সাংবাদিকের অসত্য প্রতিবেদনে ব্যক্তি কিংবা পরিবার শুধু নয়, সমাজ ও রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হতে পারে। আর সাংবাদিকের ভালো রিপোর্টের মাধ্যমে একটি দেশ বা রাষ্ট্র যুদ্ধ-বিগ্রহ, অশান্তির হাত থেকে বাঁচতে পারে। তিনি সাংবাদিকদের জাতির বিবেক উল্লেখ করে বলেন, প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার মাধ্যমে সাংবাদিকরা সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক মো. দেলওয়ার হোসেন। সাংবাদিক মাজহারুল ইসলাম সাদীর সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষকরা আলোচনা করেন।

অনলাইন জার্নালিজম, মাল্টিমিডিয়া ও অনুসন্ধানমূলক প্রতিবেদন বিষয়ে আলোচনা রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার। টিভি রিপোর্টিং ও ডকুমেন্টারি বিষয়ে আলোচনা রাখেন বাংলাভিশনের স্টাফ রিপোর্টার ও সিলেট ইলেকট্রনিক অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স-সেমজার সভাপতি দিপু সিদ্দিকী। সাংবাদিকতার নীতিমালা ও নৈতিক আচরণবিধি বিষয়ে আলোচনা রাখেন সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম। উন্নয়ন ও কৃষি সাংবাদিকতা বিষয়ে আলোচনা রাখেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের জেলা সংবাদদাতা এম এ রহিম। ফিচার লিখন ও সংবাদ সম্পাদনা বিষয়ে আলোচনা রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ডি এইচ মান্না।

কর্মশালার দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকতা কী ও কেন, সংবাদের সূত্র ও উৎস, প্রতিবেদন রচনা, প্রতিবেদকের যোগ্যতা ও দায়িত্ব, তথ্যপ্রযুক্তি ও ফোর আইআর প্রযুক্তির ব্যবহার, সংবাদ সংগ্রহ ও লেখার কৌশল, মাঠপর্যায়ের সাংবাদিকতা, অপরাধ প্রতিবেদন, স্থানীয় সরকার সাংবাদিকতা, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং অনলাইন পোর্টালে সংবাদ পরিবেশনের কারিগরি কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সমাপনী অধিবেশনে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article