গোলাপগঞ্জ, ১৬ আগস্ট: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে মৎস্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, মৎস্য উৎপাদনের মাধ্যমে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে আরও সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব। এ জন্য পরিকল্পিতভাবে মৎস্যসম্পদের উন্নয়ন এবং আধুনিক চাষপদ্ধতির প্রসার ঘটাতে হবে।
রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষের প্রথম দিন গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে গোলাপগঞ্জে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউএনওর বাংলোর পুকুরঘাটে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইউসুফ হোসেন খান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম ওবায়দুল হক, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী।
বক্তারা মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, স্থানীয় জলাশয়গুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে ১৬ থেকে ৩০ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে। [bssnews](https://www.bssnews.net/bangla/news-flash/332246)






