সিলেট, ৯ আগস্ট: সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিগত ৩০ বছরে এমনকি সর্বশেষ ১০ বছরে বিশ্বব্যাপী অনেক পরিবর্তন ঘটেছে। বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে সংবাদমাধ্যমে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। গণমাধ্যমে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যেকোনো তথ্য, স্থিরচিত্র ও ভিডিওচিত্র এআই দিয়েই যাচাই করা যায়।
শনিবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ও দি আইটি এইডের সহযোগিতায় ক্লাবের সদস্যদের জন্য আয়োজিত ‘সাংবাদিকদের জন্য এআই সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের আয়না। যুগের প্রয়োজনে টেলিগ্রাফের মতো প্রতিষ্ঠানের প্রিন্ট মিডিয়ায় সার্কুলেশন কমেছে। তারা এখন অনলাইন ভার্সনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মানুষ এখন অনলাইন গণমাধ্যমের ব্যাপ্তি, পরিধি ও গ্রহণযোগ্যতার সুফল পাচ্ছে। এজন্য যুগোপযোগী প্রযুক্তির জ্ঞানে সাংবাদিকদের সমৃদ্ধ হতে হবে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত সেমিনারে ক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি আইটি এইডের এডমিন অফিসার আশরাফুল ইসলাম গুলজার।
সেমিনারে প্রযুক্তির শক্তিতে দক্ষ সাংবাদিকতা, নির্ভুল তথ্য ও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিপাদ্যের আলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল স্কিল ও ফ্যাক্ট চেকিং নিয়ে আলোচনা করেন দি আইটি এইডের ফ্যাকাল্টি মেম্বার আহসান আহমেদ বখতিয়ার ও ইফাজ উদ্দিন। এতে সিলেট অনলাইন প্রেসক্লাবের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে সাংবাদিকদের নতুন প্রযুক্তির ব্যবহারের সঙ্গে অভ্যস্ত হতে হবে। প্রযুক্তির বিকাশের সঙ্গে কাজের পরিধি যেমন সহজ হচ্ছে, তেমনি দায়িত্বশীলতাও বেড়েছে। অনলাইন গণমাধ্যমের সংবাদ সহজেই ছড়িয়ে পড়ে। তাই সবাইকে আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।





