রিফাতের পরিবারের পাশে এমপি এমরান, আসামিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান

রিফাতের পরিবারের পাশে এমপি এমরান, আসামিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান - Surma Times | Sylhet News

রিফাতের পরিবারের পাশে এমপি এমরান, আসামিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান - Surma Times | Sylhet Newsসিলেট, ৮ আগস্ট: সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কাজিরবাজার সেলফি ব্রিজে ছুরিকাঘাতে নিহত কিশোর রিফাত আহমদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। শনিবার, ৮ আগস্ট, দুপুরে তিনি নগরের খাসদবির এলাকায় রিফাতদের বাসায় গিয়ে শোকাহত মা-বাবা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রিফাত আহমদ (১৫) নগরের খাসদবির এলাকার দারুস সালাম মাদ্রাসাসংলগ্ন বন্ধন জি-৩ বাসার মিছবাহ উদ্দিনের একমাত্র ছেলে। সে দ্বীপশিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে কাজিরবাজার ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে তার মৃত্যুর বিষয়টি নিয়ে এর আগে পুলিশ ও স্থানীয় সূত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

রিফাতের পরিবারের সঙ্গে দেখা করার পর এমপি এমরান আহমদ চৌধুরী হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে তিনি সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাইনুল জাকির আহমদের সঙ্গে কথা বলেন।

এ সময় রিফাতের বাবা-মাকে আশ্বস্ত করে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, তিনি সবসময় এ পরিবারের পাশে আছেন। ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে যা প্রয়োজন, তিনি সবটুকু করবেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই সন্ধ্যায় দক্ষিণ সুরমার ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলা শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে নগরের কাজিরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিফাত আহমদ নিহত হয়।

রিফাতের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। কিশোর এই শিক্ষার্থীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার ও স্থানীয়রা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article