জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান - Surma Times | Sylhet News

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান - Surma Times | Sylhet Newsসিলেট, ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী।

বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, নাজিরেরগাঁও, সিলেট আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুস সালাম আল-মাদানী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়ন করা সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, মহান জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার বিকল্প নেই।

জামেয়ার ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের সভাপতিত্বে এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক খোরশেদ আলম মহসিন ও সদস্য সচিব মাওলানা হোসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মো. জাহেদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার সাবেক ইনচার্জ মাওলানা জুনাইদ আল হাবিব।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানকে সামনে রেখে ছাত্র-জনতা অনন্য ভূমিকা পালন করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদরা দ্বিধাহীন চিত্তে জীবন উৎসর্গ করেছেন এবং দেশের সাধারণ মানুষ তাদের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে। তিনি বলেন, যেখানে বৈষম্য থাকবে সেখানে প্রতিবাদ, যেখানে জুলুম হবে সেখানে প্রতিরোধ এবং যেখানে অন্যায় মাথাচাড়া দিয়ে উঠবে সেখানে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা হানীফ হোসাইন, সিদ্দিকুর রহমান, ওবায়দুল হক, মো. শাহীন আলম, শেখ মো. ইউনুস আলী, মাওলানা আবদাল হোসাইন, আজিজুর রহমান, আলাউদ্দিন, হাফিজ মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, হাফিজ ইমরান আহমদ, মাওলানা আমীর হোসাইন, হাফিজ সাইদুজ্জামান, তানভীর আহমদ, ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদ, জিএস আব্দুর রাজ্জাক, ছাত্রী সংসদের ভিপি রাফা আঞ্জুম এবং জিএস ফেরদৌসী জান্নাত নওশীন।

অনুষ্ঠানে অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জামেয়ার ছাত্র আইমান আল কাবির। পরে ইসলামী ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন তাওসীফ আহমদ, রায়হান নাদিম, ফুয়াদ আল রাব্বি ও জোহান হোসাইন জাহিদ। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article