সিলেট, ৬ আগস্ট: জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেটে আয়োজিত রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নগরীর শেখঘাট ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক, স্কুল অব বিজনেসের ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, স্কুল অব সায়েন্সের ডিন এবং এমপিএইচ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রনজিত কুমার দে।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশীদ সাবা এবং প্রভাষক তাহসিনুর রহমান আকাশের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাবাহ্ সুন্নাহ রহমান। দ্বিতীয় হন ব্যবসায় প্রশাসন বিভাগের রাবেয়া সুলতানা কলি এবং তৃতীয় হন একই বিভাগের প্রীতম কর টিটো।
আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের নুসরাত জাহান লিমা। দ্বিতীয় হন আইন ও বিচার বিভাগের বাহার উদ্দিন তাহের এবং তৃতীয় হন ইংরেজি বিভাগের প্রথমা দাশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, এটি বৈষম্যহীন সমাজ, গণতন্ত্র, মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার চেতনার প্রতীক। তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে এই চেতনার বাস্তবায়নের পথ উন্মোচিত হয়। সমাজ ও রাষ্ট্র থেকে সব ধরনের বৈষম্য দূর করে সমতা নিশ্চিত করা এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠাই জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য।





