সিলেট, মঙ্গলবার: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইইউবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের শেখঘাট ক্যাম্পাসের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ বিভাগের প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে। ব্যাবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশীদ সাবার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, আইন ও বিচার বিভাগের প্রভাষক মাহমুদ উন নবী রূপক, বিবিএর শিক্ষার্থী ওলিদুর রহমান, সিএসইর শিক্ষার্থী ওয়াহিদুল আউয়াল সানি, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শিবানী বৈদ্য এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সৈয়দ ইফতেখার আহমদ রাহাত।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান একটি চেতনার নাম। এই চেতনার মূল লক্ষ্য বৈষম্যহীন সমাজ গঠন, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে তা অর্জিত হয়। সমাজ ও রাষ্ট্রে সব ধরনের বৈষম্য দূর করে সমতা নিশ্চিত করা, জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই এই অভ্যুত্থানের চেতনা।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন শেখঘাট ছানা উল্লাহ জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ইসমাইল আহমদ।
অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই দিবস পালনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালানো হয়েছে।





