আন্তর্জাতিক স্বীকৃতি পেল সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬

আন্তর্জাতিক স্বীকৃতি পেল সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬ - Surma Times | Sylhet News

সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬ - Surma Times | Sylhet Newsসিলেট, ২৮ জুলাই: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব আয়োজিত ‘সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬’ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে।

গত ১৬ মে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী, তরুণ পরিবেশকর্মী, গবেষক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং তরুণদের নেতৃত্ব বিকাশের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।

সম্মেলনে সিলেট বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াড, আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা, প্রজেক্ট ও আইডিয়া প্রদর্শনী, প্রবন্ধ লেখা, ফটোগ্রাফি, পোস্টার উপস্থাপনা, ওয়াল ম্যাগাজিন এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন পরিবেশভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব জানায়, এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু একটি সফল আয়োজনের স্বীকৃতি নয়, বরং দেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক তরুণদের নেতৃত্বে পরিচালিত পরিবেশ আন্দোলনের সক্ষমতা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবেরও আন্তর্জাতিক স্বীকৃতি। এটি ভবিষ্যতে বাংলাদেশে আরও কার্যকর পরিবেশ উদ্যোগ, আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মোচন করবে।

আয়োজকরা জানান, সিলেট পরিবেশ সম্মেলনকে আগামী বছরগুলোতে আরও বৃহত্তর জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবেশ শিক্ষা, গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ, জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তরুণদের সক্ষমতা উন্নয়নকে কেন্দ্র করে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

ক্লাবটি পরিবেশ অধিদপ্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহযোগী প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, অতিথি, বিচারকমণ্ডলী, স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article