হবিগঞ্জ, ২৮ জুলাই: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে বাড়ির পুকুরপাড়ের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মো. আল-আমিন মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন মিয়া উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত মহত উল্ল্যার বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বাড়ির পুকুরপাড়ের একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় আল-আমিনের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আল-আমিন দীর্ঘদিন ধরে পারিবারিক অভাব-অনটনের কারণে মানসিক চাপে ছিলেন। তবে তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, পুলিশ জানিয়েছে, সবদিক বিবেচনায় নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।





