সিলেট, ২২ জুলাই — গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীর বিভিন্ন থানায় পৃথক প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর জামায়াত।
বুধবার (২২ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিমানবন্দর থানার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর সুবিদবাজার এলাকায় অনুষ্ঠিত প্রচার মিছিলে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা আমির শফিকুল আলম মফিক, সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম এবং জামায়াত নেতা সৈয়দ মাজহারুল ইসলাম রিপন ও ফরিদ আহমদসহ অন্যরা।
একই দিন বিকেলে মহানগরীর কোতোয়ালি পশ্চিম থানার ১২ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর শেখঘাট এলাকায় প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। থানা আমির মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
বুধবার মাগরিবের নামাজের পর জালালাবাদ থানার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর বাগবাড়ী বর্ণমালা পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত হয় আরেকটি প্রচার মিছিল ও পথসভা। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানা আমির মাওলানা আলাউদ্দিন, সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবীব, থানা সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীন, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম চুন্নু, সেক্রেটারি সাইফুল আমীন এবং জামায়াত নেতা আব্দুর রাজ্জাক রাজনসহ অন্যরা।
এদিকে একই দিন মাগরিবের নামাজের পর মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াতের উদ্যোগে খাদিমপাড়া ইউনিয়নের পীরেরবাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহপরান পূর্ব থানা আমির শামীম আহমদ ও সেক্রেটারি সাইফুল ইসলাম।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত পথসভাগুলোতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। তারা দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠেয় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ব্যাপক জনসমাগমে পরিণত হবে বলে তারা প্রত্যাশা প্রকাশ করেন।
সমাবেশ সফল করতে আগামী কয়েক দিন সিলেট মহানগর জামায়াতের বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ নগরীজুড়ে প্রচারণা অব্যাহত রাখবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





