সিলেট, ২১ জুলাই: সিলেট মহানগরের ছয়টি থানা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ জোরদার এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় মহানগরের ছয়টি থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। সংগঠনকে আরও সুসংগঠিত করা, জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে নেতারা মতবিনিময় করেন। একই সঙ্গে সরকারের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছে, তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দলের অনুসারী হিসেবে সরকারকে সার্বিক সহযোগিতা করা সবার দায়িত্ব। তিনি বলেন, গত ১৭ বছর আন্দোলনের মাঠে নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন, এখন একইভাবে সরকারের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সরকার পরিচালনার ক্ষেত্রে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত প্রাপ্তি বা অপ্রাপ্তির হিসাব না করে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের ইতিবাচক প্রত্যাশা পূরণে সরকারের প্রতিটি উদ্যোগের পরিপূরক হিসেবে মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। জনকল্যাণমুখী সরকারের কার্যক্রম সফল করতে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বিএনপির মূল শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে দায়িত্বশীল, ইতিবাচক ও জনকল্যাণমুখী রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সংগঠনের প্রতিটি ইউনিটকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নিয়মিত মতবিনিময়, সাংগঠনিক মূল্যায়ন এবং সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সিসিক প্রশাসক। ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততার মাধ্যমে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় নেতারা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারের সেবা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শহীদ আহমেদ চেয়ারম্যান, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব শোয়াইব আহমেদ, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমেদ মেম্বার, শাহপরান থানা বিএনপির সদস্য সচিব মো. খোরশেদ আহমেদ খুশু, দক্ষিণ সুরমা থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মকসুদ, জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষসহ বিভিন্ন থানা বিএনপির নেতা মোতাহির আলী, ছালেক আহমেদ, মো. তাজুল ইসলাম তাজ, ছালেহ আহমদ, বদরুদ্দোজা বদর, তারেক আহমদ খাঁন, আব্দুল ওয়াদুদ মিলন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।






