সিলেট, ১৮ জুলাই ২০২৬: রথযাত্রা উৎসব উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে সিলেট জেলার বিভিন্ন চা-বাগানের সরতত্ত্ব শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় রথযাত্রার তৃতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শ্রীমদ্ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজীবনের সর্বাঙ্গীন কল্যাণ, নৈতিক চরিত্র গঠন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পথপ্রদর্শক। তিনি শিক্ষার্থীদের নিয়মিত গীতা অধ্যয়ন এবং এর শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট বিভাগীয় কমিটির ভক্তকল্যাণ ও আদিবাসী বিভাগের বিভাগীয় সম্পাদক পুরুষোত্তম কৃষ্ণ দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ, ত্রাণ ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী। তিনি বলেন, শ্রীমদ্ভগবদ্গীতা মানুষের জীবনের দিকনির্দেশনা প্রদান করে এবং এর শিক্ষা অনুসরণ করলে জীবন কল্যাণময় হয়ে ওঠে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভক্তকল্যাণ ও আদিবাসী বিভাগের জেলা পরিচালক এবং ইসকন সিলেট মন্দিরের কমান্ডার দেবেন্দ্র কেশব দাস ব্রহ্মচারী, যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস এবং ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ পদ্মলোচন শ্যাম দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পরে সিলেট জেলার বিভিন্ন চা-বাগানের সরতত্ত্ব শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় এবং অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, আগামী ১৯ জুলাই রথযাত্রা উৎসবের চতুর্থ দিনের কর্মসূচিতে সন্ধ্যায় ধর্মীয় আলোচনা এবং রাত ৮টায় নামহট্ট বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে বিভাগীয় কমিশনার প্রধান অতিথি এবং জেলা প্রশাসক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।





