
সিলেট, ১৭ জুলাই ২০২৬: বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি বামছাসের উদ্যোগে প্রাথমিক ও জুনিয়র স্কলারশিপ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খোঞ্জেল মীতৈর সভাপতিত্বে এবং বিথিকা সিনহার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান ড. তোফায়েল আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামছাসের উপদেষ্টা ও এনএম এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান শ্রীমান এল নন্দলাল সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাইফুল করিম চৌধুরী হায়াত, ডাঃ বাবলী দেবী সিনহা বাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমান কে এইচ বীরেন্দ্র সিংহ, সাংবাদিক আব্দুল হাছিব, শিক্ষার্থী ইচেল থৈবা এবং অয়ন মনি সিংহ। অনুষ্ঠানে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির মেধাবৃত্তি কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অসেম সত্যজিত সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে ড. তোফায়েল আহমদ বলেন, বৃত্তি বা স্কলারশিপ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং মণিপুরী শিক্ষার্থীরা শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি মণিপুরীসহ সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ প্রদান এবং তাদের শিক্ষাজীবনে সহায়তা করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য, যা ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে অব্যাহত থাকবে।





