সিলেট, ১৭ জুলাই ২০২৬: ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলেজের পদার্থবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার বিকেলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু আলা মোহাম্মদ রিয়াজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এমপি এমরান আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে তার অধ্যয়ন জীবন কাটানোর অভিজ্ঞতা আজও তাকে অনুপ্রাণিত করে। বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে এমসি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, এই ক্যাম্পাসের স্মৃতি তার কাছে চিরস্মরণীয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর আকমল হোসেন, প্রফেসর তৌফিক ইয়াজদানী, আব্দুল মুমিন চৌধুরী রিমু, সাব্বির আহমদ, পদার্থবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ার রেজা চৌধুরী এবং অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মুস্তাকিম আহমদ কাওছার ও ফৌজিয়া আক্তার মনি। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ। এছাড়া বিশ্বজিৎ সরকার ও ইব্রাহিম চৌধুরী সিয়াম বক্তব্য রাখেন।
এর আগে একই অনুষ্ঠানে পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন দুই শিক্ষার্থী আজাদ উদ্দিন ও শরিফ আল ফাহমির মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাদের স্মৃতিচারণ করা হয় এবং আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা এবং বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





