সিলেট, ১৬ জুলাই: জুলাই শহীদ ও আহতদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হতে চললেও শহীদ পরিবারের কান্না থামেনি এবং আহত যোদ্ধারা এখনও যন্ত্রণায় কাতরাচ্ছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ আসর নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের আয়োজিত জুলাই শহীদ দিবস উপলক্ষে র্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে গলাটিপে হত্যা করেছে এবং জুলাইকে ভুলিয়ে দিতে চাইছে। সংসদে বসে গণভোটের রায় বাতিল ও সংস্কার উপেক্ষা করে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হয়েছে। তিনি বলেন, সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করতে ১১ দল সংসদে ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে এসে মন্ত্রী হয়েছেন বলে জুলাই শহীদদের ত্যাগ অনুভব করতে পারছেন না। শিক্ষামন্ত্রীর বন্যায় শিক্ষার্থীদের মুরগির সঙ্গে তুলনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করার প্রমাণ। জুলাই শহীদ পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, তবে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা পিছপা হবেন না।
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও আমার বাংলাদেশ পার্টির সিলেট মহানগর সভাপতি ওমর ফারুক প্রমুখ।
র্যালিটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র্যালিতে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও আহতসহ ১১ দল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান। তারা আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানান।





