নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ - Surma Times | Sylhet News

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ - Surma Times | Sylhet Newsউত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ, ১৪ জুলাই: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে অন্তত ৮ থেকে ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন। খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া এ সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ মানুষকে।

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলগঞ্জ বাজার হয়ে ৯ নম্বর বাউসা ইউনিয়নের বদরদী, নোয়াগাঁও, মাইজপাড়া, ঘোনাপাড়া, মুরাদপুর, বড় আলীপুর ও ছোট আলীপুর গ্রামের মানুষের উপজেলা ও জেলা সদরে যাতায়াতের একমাত্র পথ এই সড়ক। সরকারি-বেসরকারি কাজ, চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্যের জন্য প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করেন।

সড়কটির পূর্ব পাশে গুঙ্গীয়াজুড়ী হাওড় থাকায় কৃষকদের ভোগান্তি আরও বেড়েছে। উৎপাদিত ফসল মাঠ থেকে বাড়িতে আনা কিংবা বাজারে নেওয়ার ক্ষেত্রে তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে কৃষিকাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি চলাচল করতে না পারায় কৃষি উৎপাদনও ব্যাহত হচ্ছে।

এ সড়ক দিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীসহ একটি কওমি মাদ্রাসা, একটি উচ্চ বিদ্যালয় এবং আশপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করা হয়। বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও খারাপ হয়ে যায়। বৃষ্টির পানিতে গর্তগুলো ডুবে থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে তা প্রায় মাটির রাস্তায় পরিণত হয়েছে। ছোট-বড় অসংখ্য গর্তে পানি জমে ছোট পুকুরের মতো আকার ধারণ করেছে। কোথাও কোথাও রাস্তার অস্তিত্বই বিলীন হওয়ার উপক্রম। ফলে যানবাহন চলাচলে প্রচণ্ড ঝাঁকুনির সৃষ্টি হচ্ছে এবং চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায়ই মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে, এতে অনেকেই আহত হচ্ছেন। পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হয়ে চালক ও মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তাদের মতে, সড়কটি সংস্কার হলে একদিকে যেমন জনদুর্ভোগ কমবে, অন্যদিকে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমও গতিশীল হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article