মোগলাবাজারে হানিট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেফতার, আইফোন উদ্ধার

মোগলাবাজারে হানিট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেফতার, আইফোন উদ্ধার - Surma Times | Sylhet News

মোগলাবাজারে হানিট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেফতার, আইফোন উদ্ধার - Surma Times | Sylhet Newsসিলেট, ১০ জুলাই ২০২৬: সিলেট মহানগরীর মোগলাবাজার থানা পুলিশের অভিযানে হানিট্র্যাপের মাধ্যমে ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাইকৃত একটি আইফোন XS Max মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন তাসিন হোসেন আবির (১৮), পিতা সেবুল আহমদ, মাতা রোকসানা জাহান, গ্রাম তুরুকখলা এবং জাবেদ আহমেদ (২০), পিতা আব্দুস সালাম, মাতা রুমি বেগম, গ্রাম সুড়িগাঁও, উভয়ই মোগলাবাজার থানা, জেলা সিলেটের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১০ জুলাই অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোশাররফ হোসেন, এসআই দীপংকর তালুকদারসহ সঙ্গীয় ফোর্স সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে ছিনতাইকৃত একটি আইফোন XS Max উদ্ধার করা হয় এবং ঢাকা মেট্রো-গ-১৩-৪৭৬২ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়, যা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হয়েছিল।

মামলার সূত্রে জানা যায়, চক্রটির এক নারী সদস্য টিকটকের মাধ্যমে বিয়ানীবাজারের আরিফ উর রহমান (২১)-এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ৪ জুলাই গোলাপগঞ্জ ড্রিমল্যান্ড পার্কে সাক্ষাতের পর ওই নারী ভুক্তভোগীকে মোটরসাইকেলে করে মোগলাবাজার থানাধীন দাউদপুর তুরুকখলা এলাকায় তাকে বাসায় পৌঁছে দিতে বলে। রাত আনুমানিক সাড়ে ৮টায় সেখানে পৌঁছালে নারী সদস্যসহ গ্রেফতারকৃত দুই আসামি এবং আরও এক সহযোগী চাকুর ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করে তার ব্যবহৃত Suzuki Gixxer মোটরসাইকেল ও আইফোন XS Max ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা নম্বর ০৫, তারিখ ১০ জুলাই ২০২৬, দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত এমন প্রতারণা ও ছিনতাই প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article