কানাইঘাটে দাম্পত্য কলহে জাহাঙ্গীর হত্যাকাণ্ড, থানায় মামলা

কানাইঘাটে দাম্পত্য কলহে জাহাঙ্গীর হত্যাকাণ্ড, থানায় মামলা - Surma Times | Sylhet News

কানাইঘাটে দাম্পত্য কলহে জাহাঙ্গীর হত্যাকাণ্ড, থানায় মামলা - Surma Times | Sylhet Newsসিলেট, শুক্রবার (৩ জুলাই): সিলেটের কানাইঘাট উপজেলায় দাম্পত্য কলহের জেরে জাহাঙ্গীর আলম (২৮) নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই মো. আলমগীর হোসেন বাদি হয়ে এ মামলা করেন। বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার পশ্চিম লক্ষিপ্রসাদ ইউনিয়নের বড়বন্দ তৃতীয়খন্ড গ্রামের বাসিন্দা। মামলায় প্রধান আসামি করা হয়েছে তার ভায়রা ভাই শামীম উদ্দিনকে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের দাবি, প্রায় দুই মাস আগে পারিবারিক কলহের জেরে জাহাঙ্গীরের স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে ফিরিয়ে আনতে তিনি ভায়রা ভাই শামীম উদ্দিনের সহযোগিতা চান।

এ ঘটনার জেরে গত মঙ্গলবার (১ জুলাই) বিকেল ২টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাহাঙ্গীর আলম সেখান থেকে চলে যান।

অভিযোগ রয়েছে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে বড়বন্দ বাজারে যাওয়ার পথে করুনা সুন্দরী দীঘির পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা শামীম উদ্দিন, তার ভাই ডালিম উদ্দিন ও নাইম উদ্দিন, ভাগ্নে তারেক আহমদ ও শাহেদ আহমদসহ কয়েকজন জাহাঙ্গীর আলমের ওপর অতর্কিত হামলা চালায়। তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে পরিবারের অভিযোগ।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথেই তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article