সুনামগঞ্জ, ৩ জুলাই: ফেসবুকে আগ্নেয়াস্ত্রসহ মহড়ার ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হেলাল আহমদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
দোয়ারাবাজার থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও (খাসিয়াবাড়ি) এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হেলাল আহমদ স্থানীয় ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, হেলালের ভাই সুজন মিয়া সম্প্রতি ফেসবুকে সীমান্ত এলাকায় অস্ত্রসহ মহড়ার একটি ছবি পোস্ট করেন। এছাড়া ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সঙ্গে অস্ত্র নিয়ে মহড়া ও সেলফি তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে জুমগাঁও-খাসিয়াবাড়ি এলাকার তিন যুবককে দেখা যায়। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ছবি ও ভিডিও নজরে আসার পরপরই পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। প্রাথমিক তথ্য অনুসারে, ছবি ও ভিডিওটি ভারতের অভ্যন্তরে তোলা এবং অস্ত্রগুলো ভারতীয় খাসিয়াদের। বাংলাদেশি যুবকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিষয়টি বিজিবি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, ফেসবুকে অস্ত্রের ছবি প্রকাশের ঘটনায় জড়িত সন্দেহে হেলাল আহমদকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, মূলত হেলালের ভাই সুজন মিয়া ছবিগুলো ফেসবুকে প্রকাশ করেছিলেন। ঘটনার মূল স্থান ভারতের অভ্যন্তরে বলে প্রাথমিক ধারণা করা হলেও পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।





