সিলেট, ২ জুলাই ২০২৬: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শিগগিরই বেশ কয়েকটি দেশে শ্রমবাজার খুলবে। এতে বিপুল সংখ্যক কর্মী বিদেশে পাঠানোর সুযোগ সৃষ্টি হবে।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “অনেকেই বলছেন, সহসা বিদেশের শ্রমবাজার খুলবে না। যত যা-ই বলুক, আমি আপনাদের বলছি—দ্রুতই কিছু দেশের শ্রমবাজার খুলবে।”
তিনি আরও বলেন, এ সুযোগ কাজে লাগাতে তরুণ-যুবকদের কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে, যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ি এবং দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারি।
প্রবাসীদের সুবিধায় নতুন উদ্যোগ প্রবাসীদের সুবিধায় বিমানবন্দরে চিকিৎসা সেবা চালু করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ভিভিআইপি সেকশনের পাশে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ইমার্জেন্সি অসুস্থতায় দ্রুত সেবা পাবেন প্রবাসীরা। মরদেহ পরিবহনের জন্য ফ্রিজার ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। আগামী সপ্তাহে একটি অ্যাম্বুলেন্সের অর্ডার দেওয়া হয়েছে।
রেমিট্যান্স প্রেরকদের সম্মানে ভিআইপি লাউঞ্জের উপরে আলাদা ব্যবস্থা করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এটি চালু হবে। একটি আধুনিক ওয়্যার হাউসের কাজও সম্পন্ন হয়েছে।
উন্নয়ন প্রকল্প যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কোম্পানীগঞ্জ, সালুটিকর, গোয়াইনঘাট, হাদারপারসহ বিভিন্ন এলাকায় ৫টি বড় ব্রিজের কাজ শুরু হয়েছে। আগামী মাসের মধ্যে এগুলো চূড়ান্ত পর্যায়ে চলে যাবে।
সিলেট-জাফলং রেলযোগাযোগ চালুর বিষয়ে রেলওয়ে সচিব ও ডিজির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণে সার্ভেয়ার সংকট দূর করতে ৬ জন অতিরিক্ত সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে। জৈন্তা কলেজের বাউন্ডারি ওয়াল ও মাটি ভরাটের কাজ শেষের দিকে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কাজও দ্রুত চালু হবে।
ফল উৎসবের প্রশংসা দেশীয় ফলের ঐতিহ্য ধরে রাখতে প্রেসক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, লন্ডন, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের ফলের চেয়ে আমাদের দেশি ফলের স্বাদ ও মান অনেক ভালো। এ ঐতিহ্য রক্ষায় ফলের গাছ লাগানো ও প্রফেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গণমাধ্যম সমাজ পরিবর্তন ও জনসচেতনতা সৃষ্টির শক্তিশালী হাতিয়ার। দায়িত্বশীল সাংবাদিকতা ইতিবাচক পরিবর্তন আনে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, আল আজাদ, সিনিয়র সহ-সভাপতি জামান মনির, লিয়াকত শাহ ফরিদী প্রমুখ।
অনুষ্ঠানে দেশীয় মৌসুমি ফল প্রদর্শন ও বিতরণ করা হয়।






