জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত - Surma Times | Sylhet News

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত - Surma Times | Sylhet Newsসিলেট, ২ জুলাই ২০২৬: সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।

বুধবার (১ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম আহমদ (২৮) লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। গ্রেফতারকৃত পারভেজ আহমদ (৩২) একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের চাচাতো ভাই।

জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, খেলা দেখার সময় চিৎকার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ পারভেজ ছুরি দিয়ে আলমকে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের নানাবাড়ি থেকে পারভেজকে গ্রেফতার করে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “খেলা দেখার সময় সামান্য চিৎকার করা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article