সিলেট, ২৯ জুন: শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা এবং শিক্ষার্থীরাই দেশের সমৃদ্ধ আগামী বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সোমবার বিকেলে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের গ্রাচ্যুইটি ও কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য গড়ে তোলেন নিবেদিতপ্রাণ শিক্ষকরা। অবসর গ্রহণের পরও তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আইজিপি শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি মেধার স্বীকৃতিও।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি সিলেট শাখার সভাপতি কাওছার আহমদ হায়দরী এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আফতাব চৌধুরী।
অনুষ্ঠানে ৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রাচ্যুইটির চেক ও সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি ১১ জন কৃতি শিক্ষার্থীর হাতে আইজিপি শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।





