বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক কমরেড মুজিবুর রহমান ফরিদের স্মরণে সিলেটে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, তিনি ছিলেন শোষণমুক্ত সমাজ গড়ার সংগ্রামের একজন নিবেদিতপ্রাণ যোদ্ধা।
শনিবার বিকাল সাড়ে ৫টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক আবু জাফর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।
শোকসভার শুরুতে কমরেড ফরিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, কমরেড মুজিবুর রহমান ফরিদ সারাজীবন পুঁজিবাদী শোষণব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং কৃষক-শ্রমিকের নেতৃত্বে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন। তার মৃত্যুতে দল হারিয়েছে একজন আদর্শিক ও লড়াকু সংগঠক, আর এলাকাবাসী হারিয়েছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী মানুষকে।
বক্তারা আরও বলেন, তার সংগ্রামী জীবন, দায়িত্ববোধ ও আদর্শিক চেতনা ভবিষ্যতে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে প্রেরণা জোগাবে।
শোকসভায় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





