
সুরমা টাইমস ডেস্কঃ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও ঝটিকা মিছিলের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার রাত ৮টায় নগরীর টিলাগড় পয়েন্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে উত্তাল হয়ে ওঠে এলাকা।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার টিলাগড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে গুপ্ত সন্ত্রাস ও আকস্মিক মিছিলের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দেন, এসব অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত রাজনৈতিক বাস্তবতাকে নস্যাৎ করতে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। রাজপথে জাতীয়তাবাদী শক্তি সক্রিয় রয়েছে এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।
সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির মাধ্যমে সিলেটে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের সক্রিয় অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





