দেড় মাসের সংসারেই ঝুলন্ত নববধূ, চুনারুঘাটে অপির মৃত্যুকে ঘিরে রহস্য

দেড় মাসের সংসারেই ঝুলন্ত নববধূ, চুনারুঘাটে অপির মৃত্যুকে ঘিরে রহস্য - Surma Times | Sylhet News

দেড় মাসের সংসারেই ঝুলন্ত নববধূ, চুনারুঘাটে অপির মৃত্যুকে ঘিরে রহস্য - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ বিয়ের মাত্র দেড় মাসের মাথায় হবিগঞ্জের চুনারুঘাটে অপি আক্তার (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও গুঞ্জন।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপি চুনারুঘাটের খড়মপুর গ্রামের বাসিন্দা ছিলেন। দেড় মাস আগে একই গ্রামের ফজলু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে ঘরের ভেতর অপিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এই মৃত্যুকে ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

নিহতের স্বামী ফজলু মিয়া দাবি করেন, বিয়ের পর থেকেই অপি মানসিকভাবে অস্থির ছিলেন। সম্প্রতি বাবার বাড়ি থেকে ফেরার পর স্বামীর বাড়িতে থাকতে অনীহা প্রকাশ করেন এবং স্বাভাবিক আচরণ করছিলেন না। তার ধারণা, মানসিক চাপের কারণেই অপি আত্মহত্যা করতে পারেন।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article