সুরমা টাইমস ডেস্কঃ গভীর রাতে গোয়ালঘর ভেঙে গর্ভবতী গাভী ও বাছুর চুরির পর প্রাইভেটকারে করে পালানোর চেষ্টা। কিন্তু শেষরক্ষা হয়নি। সিলেটের মোগলাবাজারে পুলিশের তৎপর অভিযানে চুরিকৃত গরুসহ দুই চোরকে হাতেনাতে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোররাত ১টা থেকে ৪টার মধ্যে মোগলাবাজার থানার মূর্তির চক এলাকার বাসিন্দা মাখন মিয়ার গোয়ালঘর থেকে একটি গর্ভবতী গাভী ও একটি বাছুর চুরি হয়। চোরেরা ঢাকা মেট্রো-গ ১৫-০০৫২ নম্বরের একটি প্রাইভেটকারে করে গরু দুটি নিয়ে পালানোর চেষ্টা করে।
গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার এসআই দয়াময় দাস সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনতার সহায়তায় জালালপুর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় দুই চোরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো শেখ জাহান (২৫), বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এবং রায়হান (৪৭), বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়। তারা উভয়েই বর্তমানে শাহজালাল উপশহরে বসবাস করছিল।
পুলিশ তাদের কাছ থেকে একটি বড় তালা কাটার প্লায়ার্স, চুরি হওয়া গর্ভবতী গাভী, একটি বাছুর এবং ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করেছে।
এ ঘটনায় মোগলাবাজার থানায় পেনাল কোড ১৮৬০ এর ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।





