সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের জালালাবাদ থানায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি, বুলেটপ্রুফ ভেস্ট, হ্যান্ডক্যাপ, আইডি কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার রাত ১টা ৫ মিনিটে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট ও সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের মধ্যবর্তী কালভাটের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আনসার পরিচয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি তল্লাশির খবর পেয়ে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কোতোয়ালীর বাগবাড়ি এলাকার সাইফ আহমদ রাজ (২০) এবং জালালাবাদ থানার পীরপুর এলাকার আকসান হাবিব (২২)।
তাদের হেফাজত থেকে একটি ওয়াকিটকি সেট, আনসার ভিডিপি লেখা জলপাই রংয়ের বুলেটপ্রুফ ভেস্ট, দুটি চাবিসহ একটি হ্যান্ডক্যাপ, একটি আনসার ভিডিপির আইডি কার্ড এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





