সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে এক ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানার বাগবাড়ি পিডিবি মসজিদের পাশে অভিযান চালিয়ে ফুলকলি শো’রুমের ভেতর থেকে ভিকটিম ফাহিম আহমদকে উদ্ধার করা হয়। এ সময় চার অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন কোতোয়ালী থানার লালদিঘীরপাড় এলাকার মো. ছায়দুল হকের ছেলে খালেদ বীন আজিজ (৩৫), বাগবাড়ী কুতুব উদ্দিন গেইটের মৃত নজরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন (২৬), সুনামগঞ্জের দিরাই উপজেলার আশিক আলীর ছেলে এবং বর্তমানে কানিশাইল ১নং রোড এলাকার বাসিন্দা আল আমিন (৪০), এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সাতগাঁওয়ের দুলাল মিয়ার ছেলে ও সিলেটের শামীমাবাদ এলাকার বাসিন্দা রাজিব আহম্মেদ (২০)।
পুলিশ জানায়, শুক্রবার ভোর ৩টার দিকে শামীমাবাদ আবাসিক এলাকার ১নং গেইটের সামনে থেকে ফাহিমকে পথরোধ করে মারধর করা হয়। পরে তার গলায় ছুরি ধরে নগদ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে একটি গ্যারেজে আটকে রাখা হয়। এরপর স্বজনদের কাছে ফোন করে ১ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।
স্বজনরা কোতোয়ালী থানায় সাহায্য চাইলে পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





