
সুরমা টাইমস ডেস্কঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক বলেছেন, সীমান্তে পুশইন, দখলচেষ্টা ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে দেশকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট নগরীর বন্দরবাজারস্থ হোটেল মেট্রোতে সিলেট জেলা উত্তর শাখার কাউন্সিল ও সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, ভারতীয় সীমান্তে নারী-শিশুসহ পুশইনের চেষ্টা চলছেই এবং কুড়িগ্রাম, রৌমারী, নওগাঁ, ঠাকুরগাঁওসহ বিভিন্ন সীমান্তে মানুষ মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। সাম্প্রতিক সময়ে সিলেট সীমান্তেও বাংলাদেশি ভূখণ্ড দখলের চেষ্টা হয়েছে বলে তিনি দাবি করেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব ইউসুফি বলেন, বাজেটে কওমি মাদ্রাসা কেন্দ্রিক বরাদ্দের ঘাটতি রয়েছে। তার মতে, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে শুধু স্লোগান দিয়ে সমাধান সম্ভব নয়।
প্রধান বক্তা বাহাউদ্দীন জাকারিয়া বলেন, বাংলাদেশকে বড় শক্তিগুলোর প্রভাবমুক্ত থেকে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে। তিনি চীনের প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ভারসাম্য রক্ষার ওপর জোর দেন।
সংগঠনের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান ও বাহাউদ্দীন বাহারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। তারা দলকে সংগঠিত করে স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী সভাপতি ও মুফতি ইবাদুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে তাদের শপথ পাঠ করান উবায়দুল্লাহ ফারুক।





