সুরমা টাইমস ডেস্কঃ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ থেকে কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন তিনি।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী হিসেবে কোর্স সম্পন্ন করে চূড়ান্ত ফলাফলে ৪ এর মধ্যে ৩.৪৮ সিজিপিএ অর্জন করেন হিমেল।
হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স-মাস্টার্স ও এলএলবি ডিগ্রিধারী উত্তম কুমার পাল হিমেল দীর্ঘ ৩২ বছর ধরে চাকরির পাশাপাশি সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। এ সময়ে তিনি নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।
নবীগঞ্জ রাগীব-রাবেয়া কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় সরকার নিয়ে ফিচার প্রতিবেদন প্রকাশ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এ অবদানের জন্য এশিয়া হিউম্যান রাইটস থেকে সম্মাননা পদকও লাভ করেন।
মফস্বল সাংবাদিকতার মানোন্নয়ন এবং দেশ-বিদেশে সৃজনশীল কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে একাডেমিক অর্জন যুক্ত হওয়ায় সাংবাদিকতায় তার ভূমিকা আরও শক্তিশালী হবে।





