সুরমা টাইমস ডেস্কঃ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাতে এ কর্মসূচি পালিত হয়।
নগরীর কাজলশাহ এলাকায় ওসমানী মেডিকেলের সামনে থেকে মিছিল শুরু হয়ে রিকাবীবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতারা। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান জুয়েল, বাবলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক এম এ হাসান, মকসুদুল করিম ইমন, মাহফুজুল করিম শিপলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে মির্জা সম্রাট হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সহনশীল রাজনীতি অনুসরণ করছে।
তিনি আরও বলেন, এই সহনশীলতাকে দুর্বলতা ভেবে একটি মহল অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় যুবদল প্রস্তুত রয়েছে।
তিনি সতর্ক করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী শক্তি দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এই কর্মসূচির মাধ্যমে মাঠ পর্যায়ে সংগঠনের সক্রিয়তা এবং রাজনৈতিক বার্তা স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছে যুবদল।





