নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে স্ত্রী রিপন বেগম হত্যা মামলায় দায় স্বীকার করেছেন স্বামী আশিক মিয়া। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার ঘটনা তুলে ধরেন তিনি।
সোমবার তাকে আদালতে হাজির করা হলে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া জান্নাতের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন আশিক মিয়া। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই আসিব বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের ভাই কাউছার আলী এ ঘটনায় মামলা দায়ের করেছেন, যেখানে একমাত্র আসামি করা হয়েছে আশিক মিয়াকে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। আশিক মিয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে কালিয়ারভাঙ্গা মান্দারকান্দি গ্রামে বসবাস করতেন এবং সেখানে হাঁসের খামার পরিচালনা করতেন।
দীর্ঘদিন ধরে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে এসে কথা কাটাকাটির একপর্যায়ে আশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিহত হন রিপন বেগম।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আশিক মিয়াকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।





