সুরমা টাইমস ডেস্কঃ দেশের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা, নরসিংদী, মানিকগঞ্জ, নেত্রকোণা, জামালপুর ও কিশোরগঞ্জে এসব মর্মান্তিক ঘটনা ঘটে।
সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে নরসিংদীর মনোহরদীতে। মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাশিক্ষার্থী—জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)—নিহত হয়। তারা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী আহত হয়েছে।
ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দ্বীন ইসলাম (৪৫) ও দুলাল (৬০)-এর পরিচয় জানা গেছে, অপরজনের পরিচয় নিশ্চিত হয়নি।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাঞ্চননগরে কৃষিকাজের সময় বজ্রপাতে মারা যান কবির হোসেন (৩০) ও শহিদুল ইসলাম (২৫)। জামালপুরের মাদারগঞ্জে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন মুসা ফকির (৬০)।
নেত্রকোণার বারহাট্টায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান জাহাঙ্গীর আলম (৩৫)। কিশোরগঞ্জের নিকলীতে হাওরে নৌকা চালানোর সময় বজ্রপাতে মারা যান মাঝি বাবুল সরকার (৪৫)।
প্রশাসন নিহতদের পরিবারের প্রতি সহায়তার আশ্বাস দিয়েছে। এদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গা, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।





