নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। ঘটনার পর আত্মহত্যার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি অভিযুক্তের।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর ভূমিহীন গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিপন আক্তার (৩৫) একই গ্রামের বাসিন্দা আশিক মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল আশিক মিয়া ও তার স্ত্রীর মধ্যে। ঘটনার দিন বিকেলে তর্কাতর্কির এক পর্যায়ে আশিক মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে রিপন আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রীকে হত্যার পর আশিক মিয়া নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তবে স্থানীয়রা দ্রুত তাকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে এসআই কৌশিক ও এসআই আসিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত আশিক মিয়াকে হেফাজতে নেয়।
নবীগঞ্জ থানার ওসি তদন্ত দুলাল মিঞা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এখনো কোনো মামলা দায়ের হয়নি, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।





