সুরমা টাইমস ডেস্কঃ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া। তিনি জানান, বিরূপ আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢলের পানিতে সাদাপাথর এলাকার আশপাশের দোকানপাট তলিয়ে গেছে। প্রবল স্রোতে পুরো এলাকা এখন বিপজ্জনক হয়ে উঠেছে।
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে। স্রোত কমে এবং আবহাওয়া উন্নতি হলে পুনরায় কেন্দ্রটি খুলে দেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, দুর্ঘটনা এড়াতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





