লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা, এক নেতা হেফাজতে

লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা, এক নেতা হেফাজতে - Surma Times | Sylhet News

লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা, এক নেতা হেফাজতে - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধরের অভিযোগে শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় এ মামলা করা হয়।

মামলায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। পুলিশ ইতোমধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

এনসিপি নেতারা এ অভিযোগকে পুরোপুরি মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক বলে দাবি করেছেন। দলের ইউকে অ্যালায়েন্সের মেম্বার সেক্রেটারি মো. এম এ হিমেল এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে আসছে। এখন মিথ্যা মামলা দিয়ে যুক্তরাজ্য পুলিশের সময় নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর সফল বক্তব্য এবং প্রবাসীদের সঙ্গে তার জনসংযোগকে ব্যাহত করতেই এই নাটক সাজানো হয়েছে। এদিকে যুক্তরাজ্যে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে স্থানীয় একটি বিশেষায়িত সংস্থা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলেও দাবি করা হয়।

হাসনাত আবদুল্লাহ নিজে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আওয়ামী লীগ আমাদের নামে মামলা করেছে। এনসিপি ইউকে অ্যালায়েন্স আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছে।” তিনি যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া বিভাগের প্রধান মাহবুবুল আলম বলেন, “পতিত ফ্যাসিস্টদের মিথ্যা মামলা। আমাদের ডায়াস্পোরা অ্যালায়েন্স আইনি লড়াইয়ের মাধ্যমে এর জবাব দেবে।”

এ ঘটনায় যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article