স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর নবাব রোডে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ জনে।
শনিবার বিকাল পৌনে ৫টার দিকে নগরীর পাঠানটুলা এলাকার নিজ বাসা থেকে সাবেক ছাত্রলীগ নেতা সফায়াত খান (৪৫)কে গ্রেফতার করা হয়।
তিনি পাঠানটুলা এলাকার বাসিন্দা এবং মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য। এর আগে অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে কারাভোগের পর চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিলেন বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ১৬ জুন সকালে নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেট অভিমুখে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী আকস্মিক বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় কোতোয়ালী থানায় ৬৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
—





