গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মানুষের মাঝে থেকে ভালো-মন্দের দিকনির্দেশনা দেন এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করেন।
শনিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয়’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইমামরা সামান্য হাদিয়ার বিনিময়ে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় কাজ করছেন। তাই তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন। একই সঙ্গে ইমামদের নিজ নিজ দায়িত্বে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও থানার ওসি আরিফুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। প্রধান আলোচক ছিলেন ইমাম সমিতির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা এহসান উদ্দিন এবং বিশেষ আলোচক ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভুইয়া।
এর আগে সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিয়ে এমপি এমরান বলেন, সুস্থ জীবনযাপনে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম।
এদিকে বিকেলে গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী গ্রামে শ্রী শ্রী কালিমন্দিরে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ এবং সবাইকে মিলেমিশে দেশ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।





