সিলেটে টানা ভারী বৃষ্টি, ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটারের বেশি রেকর্ড -বন্যার শঙ্কা

সিলেটে টানা ভারী বৃষ্টি, ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটারের বেশি রেকর্ড -বন্যার শঙ্কা - Surma Times | Sylhet News

সিলেটে টানা ভারী বৃষ্টি, ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটারের বেশি রেকর্ড -বন্যার শঙ্কা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ গত কয়েকদিন ধরে সিলেটে টানা ভারী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪০.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ রুদ্র তালুকদার শনিবার (২০ জুন) দুপুরে জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪০.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৩৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, “এটাই এই মৌসুমে অল্প সময়ে সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। সিলেট বিভাগে আগামী কয়েকদিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

বন্যার আশঙ্কা

ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেটসহ চার বিভাগে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানায়, আগামী পাঁচদিন সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, খোয়াই, যাদুকাটা, মনু ও ধলাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদী এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমা অতিক্রম করতে পারে। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (২২ জুন) সিলেট, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চলতি বছর বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বর্তমানে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি।

বন্যা পূর্বাভাস কেন্দ্র নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article