স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা ও ভুট্টাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের পিনাক রঞ্জন দাশ (২৬) এবং সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের তালেবুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালবন্দ পয়েন্টে অভিযান চালিয়ে পিকআপে থাকা বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভুট্টা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে অভিযান জোরদার করা হয়েছে।





