সুনামগঞ্জ, ২৯ জুলাই: র্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৪০ বোতল বিদেশী মদসহ মোঃ আহাদ মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯/০৭/২০২৬) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন চিনাকান্দি বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ধনপুর ইউপির গামাইরতলা এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, তার হেফাজতে থাকা ২টি হলুদ ও সবুজ রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতরে বিদেশী মদ রয়েছে। পরে তার কাছ থেকে ৪০ বোতল, মোট ১৫ লিটার বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আহাদ মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার গামাইরতলা এলাকার মৃত ওসমান গনির ছেলে।
র্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে আহাদ মিয়া স্বীকার করেন যে, তিনি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাকে ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ বলছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।





