স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা থানার অভিযানে ৪২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে পরিচালিত এই অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত বাবুল মিয়া (২৫) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এসআই মো. মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ভার্থখলা সুইপার কলোনীর গলির মুখে প্রান্তিক স্টোরের সামনে অভিযান চালান। এ সময় বাবুল মিয়ার কাছ থেকে ৪২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৭৫ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।





