গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যকর এ ঘটনায় আবারও গ্রেফতার অভিযান চালিয়েছে পুলিশ। মামলার এজাহারভুক্ত আরও এক আসামিকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত মাহাবুব হাসান আতিক (২৫) গোলাপগঞ্জ পৌরসভার স্বরস্বতি এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার চাঁন মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনাটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।
এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএমের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে স্বরস্বতি এলাকা থেকে মাহাবুব হাসান আতিককে গ্রেফতার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





