সুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি রুটে বাস মালিকদের নিয়ে আলাদা কোম্পানি গঠন করে বাস পরিচালনার উদ্যোগের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন, নির্দিষ্ট মান, একই রঙ ও ফিটনেস নিশ্চিত করে বাস চালানো হবে। কোন রুটে কোন কোম্পানি চলবে তা নির্ধারণের কাজও চলছে।
মন্ত্রী জানান, নতুন ব্যবস্থায় বাসগুলো নির্ধারিত স্টপেজেই থামবে। যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করা হবে। এতে যানজট ও বিশৃঙ্খলা কমবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, একই রুটে একাধিক মালিকের বাস চলাচলের কারণে যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হয়, সেটিই মূল সমস্যার কারণ। নতুন কাঠামো চালু হলে এই সমস্যা দূর হবে।
এছাড়া ইলেকট্রিক যানবাহন ব্যবহারে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী। বাস কাউন্টার বন্ধের উদ্যোগ থাকলেও যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
টার্মিনাল ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনালে এখনো পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। এসব উন্নয়নে সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি, স্ট্রিট লাইট এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নের কাজও জোরদার করা হবে।





