হবিগঞ্জ সদরঃ হবিগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গ্রামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে ব্রাজিল পরাজিত হলে দুই দলের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
তবে পরদিন সকালে আবারও খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ মুখোমুখি হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।





