সুরমা টাইমস ডেস্কঃ মৌলভীবাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল থেকে জেলা পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গল রোডের গিয়াসনগরের নিতেশ্বরে এম সাইফুর রহমান কনভেনশন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন।
বৈঠকে তারেক রহমান বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বাড়াতে হবে। দলের নেতাকর্মীদের মধ্যে বিভাজন নয়, ঐক্যই হতে হবে প্রধান শক্তি। তিনি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দলীয় নেতাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, সংসদ সদস্য এম নাসের রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হন এবং পরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় ফিরে যান।
এর আগে সকালে সিলেট পৌঁছে তিনি শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেন এবং পৃথক দুটি জনসভায় বক্তব্য দেন। এছাড়া তিনি অসুস্থ সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গিয়ে খোঁজখবর নেন।





